কলেজে চুরির অভিযোগে আটক ছাত্রদল নেতা পরিবারের জিম্মায় মুক্তি

ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে আটকের পর বাদীপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে থানা থেকে মুক্তি দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মুচলেকা দেওয়ার পর পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে কলেজের অধ্যক্ষ থানায় দেওয়া লিখিত অভিযোগ প্রত্যাহার করে নেন।
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি বৈদ্যুতিক পাখা খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ সময় কলেজের কর্মচারী ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে তাদের হুমকি ও গালিগালাজ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও আনা হয়।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা উল্লেখ করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সাহেদ তালুকদারকে আটক করে পুলিশ।

