ড্যাপের সংশোধনী পুনর্বিবেচনা ও কারিগরি কমিটি বাতিলের দাবি বিআইপির

লিখিত বক্তব্যে আরও বলা হয়, কমিটির কর্মপরিধিতে ভূমি ব্যবহার পরিবর্তনের পরিবেশগত প্রভাব এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর তথ্যসহ পরিবর্তনের যৌক্তিকতা বিশ্লেষণের কথা থাকলেও এসব মূল্যায়ন করা হয়েছে বলে বিআইপির জানা নেই। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে কমিটি কাজ করছে কি না, সে প্রশ্নও তুলেছে সংগঠনটি।
বিআইপির দাবি, বুড়িগঙ্গার তীরবর্তী জমিটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মালিকানাধীন এবং দীর্ঘদিন অব্যবহৃত ছিল। সেখানে পার্ক বা উন্মুক্ত স্থান তৈরির সুযোগ ছিল। ঘনবসতিপূর্ণ ও সেবাবঞ্চিত জুরাইন-শ্যামপুর এলাকার মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারত। এলাকাটি আগে থেকেই দূষণ, জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ২০০৯ সালে বুড়িগঙ্গাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়।
সংগঠনটি বলেছে, উন্মুক্ত স্থানের পরিবর্তে ভারী শিল্প এলাকা করার ক্ষেত্রে পরিবেশগত প্রভাব যাচাই এবং হারিয়ে যাওয়া উন্মুক্ত স্থান কীভাবে পূরণ করা হবে, তা সংশোধনীতে স্পষ্ট নয়।
পূর্বাচল ও ঝিলমিলে অতিরিক্ত এফএআর দেওয়ার সুযোগ প্রসঙ্গে বিআইপি বলেছে, এতে পরিকল্পনার তুলনায় জনসংখ্যা বাড়তে পারে। সে অনুযায়ী পানি, বিদ্যুৎ, সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা আছে কি না, তা আগে মূল্যায়ন করা জরুরি। অন্যদিকে, জলস্রোত ওভারলে জোনের নতুন বিধানে বাস্তবে বন্যার পানি ধারণ করে, কিন্তু নথিতে জলাশয় হিসেবে উল্লেখ নেই—এমন জমি সুরক্ষার বাইরে পড়ার আশঙ্কা রয়েছে।
ঢাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, অপরিকল্পিত নগরায়ণ, জলাধার ও খাল হারিয়ে যাওয়া, বায়ুদূষণ, জলাবদ্ধতা, জনঘনত্ব, যানজট ও অপর্যাপ্ত উন্মুক্ত স্থান নগরবাসীর জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। এ অবস্থায় ভূমি ব্যবহারের পরিকল্পনায় অপরিকল্পিত পরিবর্তন শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সংবাদ সম্মেলনে বিআইপির প্রধান উপদেষ্টা আদিল মোহাম্মদ খান বলেন, ঢাকা পরিবেশ ও বায়ুদূষণের দিক থেকে বিশ্বের খারাপ শহরগুলোর একটি। গণ-অভ্যুত্থানের পর পরিকল্পনা ও পরিবেশের ওপর আগের ফ্যাসিবাদী আচরণের পরিবর্তন হবে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু এখন দেখছেন, সেই প্রবণতা আরও বেড়েছে।
তিনি বলেন, ‘নয় সদস্যবিশিষ্ট কারিগরি কমিটির সবাই সরকারি চাকরিজীবী। সেখানে জনগণের জন্য কথা বলার মতো কেউ নেই। সেখানকার লোকদের বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী যা যা বুঝিয়েছে, তাঁরা সেভাবে একটি সংশোধনী তৈরি করেছেন।’
আদিল মোহাম্মদ খান বলেন, ড্যাপ পাঁচ বছর পরপর পর্যালোচনার কথা। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। যে সরকার জলাশয় রক্ষায় নদী খনন করে, সেই সরকারই আবার পরিবেশ ধ্বংস করতে ড্যাপের সংশোধনী করেছে। এর চেয়ে প্রহসন আর কী হতে পারে?

