স্বাস্থ্য খাতের দুর্নীতি সুশাসনের ব্যর্থতা: হেলথ ওয়াচের প্রতিবেদন

সরকারি কেনাকাটায় অনিয়মের চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়, কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেখানে ন্যায্যমূল্যের সর্বোচ্চ ১৮ গুণ দামে সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। অন্যদিকে, ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্র অব্যবহৃত পড়ে রয়েছে।
রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রেও নানা অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। দালাল, শয্যা ও ছাড়পত্রের জন্য অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর কারণে চিকিৎসার ব্যয় বাড়ছে। মানবসম্পদ ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। মন্ত্রণালয়ের ১ লাখ ৮০ হাজারের বেশি জনবলের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে এসব প্রভাব বড় ভূমিকা রাখে। এ ছাড়া ২০১০ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) চিকিৎসায় অবহেলার ১৭২টি অভিযোগ জমা পড়ে। এগুলোর মধ্যে ৭৯টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, ‘দুর্নীতি শুধু আর্থিক অনিয়ম বা টেন্ডারবাজিতে সীমাবদ্ধ নয়, নীতি প্রণয়নের সময় বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে নীতিকে প্রভাবিত করাও দুর্নীতি। তাই শুধু অপরাধী শনাক্ত করে শাস্তি নয়, পুরো ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করাও জরুরি।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, ‘নিয়োগ-পদোন্নতিতে যোগ্যতার মূল্যায়ন, স্বচ্ছ ক্রয়ব্যবস্থা এবং স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করতে হবে।’
প্রতিবেদনে কমিশনভিত্তিক রেফারেল আইন করে নিষিদ্ধ করা, চিকিৎসক এবং ওষুধশিল্পের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা, যোগ্যতাভিত্তিক নিয়োগ-পদোন্নতি এবং সরকারি ক্রয়ের তথ্য প্রকাশের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসায় অবহেলার জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো, স্বাধীন নিয়ন্ত্রক ব্যবস্থা, হাসপাতালগুলোতে ঘটনা প্রতিবেদন এবং মৃত্যুর পর্যালোচনা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

