ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

৪৫ সদস্যের সিনেটে ৪৪ জনের সমর্থনে অভিশংসন প্রস্তাবটি পাস হয়। ভোটাভুটিতে একজন আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন। পরে সিনেটের সভাপতি বাসিলিও নুনেজ (বিবিসিকে) জানান, পেনা কর্তব্যে অবহেলার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।
রাজনৈতিক সংকটের পাশাপাশি ব্যাংক ধসের প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও। ডিজিটাল ব্যাংকটি বন্ধ হয়ে যাওয়ার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেটি অধিগ্রহণ করে। এতে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তাঁদের আমানত নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন।
প্রায় ৩০ লাখ আমানতকারী তাঁদের সঞ্চয় ও পেনশনের টাকা তুলতে পারছেন না। এ নিয়ে রাজধানী আসুনসিওনসহ বিভিন্ন এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে রাজধানীতে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। নিজেদের জমানো অর্থ ফেরত পাওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
পেনার অপসারণের পর প্যারাগুয়ের ডেপুটি প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২৮ সাল পর্যন্ত তাঁর দায়িত্ব পালনের কথা রয়েছে।
দায়িত্ব নেওয়ার পরই ক্ষতিগ্রস্ত আমানতকারীদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি। আলিয়ানা বলেন, ‘ব্যাংকটির আর্থিক বিপর্যয়ের কারণে যেসব নাগরিক দুর্ভোগের শিকার হয়েছেন, তাঁদের পুরোপুরি ক্ষতিপূরণ দেওয়া হবে।’
এদিকে সিনেটর রাফায়েল ফিলিজোলা ঘটনাটিকে প্যারাগুয়ের গণতান্ত্রিক ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির কেলেঙ্কারি বলে মন্তব্য করেন। তাঁর মতে, এটি রাষ্ট্র, সাধারণ মানুষ এবং দেশের ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতার ওপর বড় আঘাত পড়েছে।
প্রেসিডেন্টের পদ হারানোর পর এবার আইনি জটিলতায় পড়তে পারেন পেনা। ব্যাংকটির পতনের ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার কথা বলছেন বিশ্লেষকেরা। বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগে আজ শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলভিয়া মার্গারিটা গঞ্জালেজ ভেস্টার।

