পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

পোল্যান্ডের ক্রাকো শহরে একটি উন্মুক্ত স্থানে বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। তাদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
ঘটনার পর পুলিশের সঙ্গে বন্দুকবাজের সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে জখম হয় সন্দেহভাজন হামলাকারী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশটির পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শহরটির ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে সন্দেহভাজন এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঢুকে যান। এরপর সেখানে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন।
পুলিশ আরও জানায়, হামলাকারী সামরিক ধাঁচের অস্ত্র ও পোশাক পরিহিত ওই হামলাকারী পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন পুলিশ সদস্যও আছেন। তাদের একজনের অবস্থা সংকটাপন্ন।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক সংবাদ সম্মেলনে জানান, তল্লাশির সময় সন্দেহভাজন ওই ব্যক্তির বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। প্রাথমিকভাবে মনে হচ্ছে, নিহত ব্যক্তিরা সন্দেহভাজনের পরিবারের ঘনিষ্ঠ সদস্য।
পোল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তিনি পোল্যান্ডের নাগরিক। ঘটনার সময় তার পরনে সামরিক ইউনিফর্মের মতো পোশাক ছিল। সঙ্গে ‘সামরিক ধাঁচের’ অস্ত্র ছিল। ওই ব্যক্তির জব্দ করা গাড়িটি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।
সন্দেহভাজন ওই ব্যক্তি পোল্যান্ডের সামরিক বাহিনীর সদস্য নন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ। তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও চিহ্নিত করেছেন।

