রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের মিছিল

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব ঘটনা ঘটে। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুরা থানা আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ। মিছিল চলাকালে প্রায় ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় রামপুরা থানার ডিউটি অফিসার রিয়াজ এশিয়া পোস্টকে বলেন, সকালে আওয়ামী লীগের মিছিল এবং মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি এজাহারে কফি থানায় জমা পড়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করার পর ওসি বা উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা সম্পর্কে ব্রিফিং করবেন বলেও জানান রিয়াজ।
এর আগে খিলগাঁওয়ের আপন কফি শপের সামনে থেকে আরেকটি মিছিল শুরু হয়। সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ভিডিও পাওয়া গেছে। তবে খিলগাঁও থানার ডিউটি অফিসার মাহমুদুল হাসান এশিয়া পোস্টকে বলেছেন এমন কোনো তথ্য তার কাছে এখনো যায়নি।
এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়, মাটিকাটা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এবং ক্যান্টনমেন্ট থানা এলাকা।
তেজগাঁওয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে, আফতাবনগর এবং বাড্ডা পাসপোর্ট অফিসের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব বিস্ফোরণ ও মিছিলের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে এসব ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

