চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (৯ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিহতের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ১৪ জন হওয়ার খবর জানিয়েছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে (জিএমটি ০৯০০) ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনে দগ্ধ ও আহত মোট ৩৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সোমবার সকালে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।
রোববারই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একই সঙ্গে ভবনটিতে উদ্ধার ও তল্লাশি অভিযানও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
চীনে ভবন ও শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। ভবন নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

