তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১০ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ইজমিরের গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রদেশটির আলিয়াগা জেলায় অবস্থিত হাবাস লোহা ও ইস্পাত কারখানায় ইস্পাত ঢালাইয়ের কাজ চলার সময় দুপুরের দিকে বিস্ফোরণটি ঘটে। খবর এএফপির।
গভর্নর কার্যালয়ের প্রাথমিক ধারণা অনুযায়ী, কারখানার একটি ওভারহেড ক্রেন ভেঙে সরাসরি বৈদ্যুতিক আর্ক ফার্নেসের ওপর পড়ে। এতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপরই কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, চিকিৎসক দল এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

