ইউক্রেনকে দুই ভাগে বিচ্ছিন্ন করতে ‘নতুন কৌশলে হামলা’র পরিকল্পনা রাশিয়ার

মার্কিন থিংক ট্যাংক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ ফেলো মাইকেল কফম্যান বলেন, অতীতে সেতুগুলোতে রাশিয়ার হামলা বিক্ষিপ্তভাবে হয়েছে। দিনিপ্রো নদীর ওপর সেতুগুলোর যান চলাচল ব্যাহত করতে হলে সমন্বিত ও ধারাবাহিক হামলা প্রয়োজন হবে। তিনি বলেন, ‘এরপরও ইউক্রেন পন্টুন সেতু স্থাপন করতে পারে।’
বেসামরিক যান চলাচলের চাপ কমাতে পন্টুন সেতু স্থাপনের ধারণা ইতিমধ্যে সামনে এনেছে কিয়েভ কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো পন্টুন সেতু স্থাপন করা হয়নি।
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার জন্য পর্যাপ্ত ইন্টারসেপ্টর বা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র না থাকায় ইউক্রেন তার সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় হিমশিম খাচ্ছে। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রই ইউক্রেনের অস্ত্রভান্ডারে থাকা একমাত্র ব্যবস্থা, যা নির্ভরযোগ্যভাবে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এসব ক্ষেপণাস্ত্রের সংকট তৈরি হয়েছে। ফলে ওয়াশিংটন ও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা নিজেদের মজুত থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্রমবর্ধমান নির্ভুলতা। জেলেনস্কির উপদেষ্টা সেরহি বেস্করেস্তনভ জানিয়েছেন, নতুন করে তৈরি করা একটি অত্যাধুনিক দিকনির্দেশনা ব্যবস্থার কারণে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এখন আরও নিখুঁতভাবে সেতুগুলোতে আঘাত হানতে পারছে। এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্রগুলোকে ইউক্রেনের নেভিগেশন জ্যামার বা দিকনির্দেশনা সংকেত বাধাগ্রস্ত করার যন্ত্র এড়িয়ে চলতে সহায়তা করছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড নিচের দিকে নামার সময় কয়েক সেকেন্ড ধরে ভূখণ্ডের রাডার স্ক্যান করে। এরপর সেই স্ক্যানের তথ্যের ভিত্তিতে সংশোধনী সংকেত ক্ষেপণাস্ত্রের দিকনির্দেশনা ব্যবস্থায় পাঠানো হয়।’
এর ফলে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড লক্ষ্যবস্তুর দিকে নামার সময় আশপাশের ভূখণ্ডের তথ্য সংগ্রহ করে নিজের গতিপথ সংশোধন করতে পারছে। ইউক্রেনের নেভিগেশন জ্যামার এড়িয়ে সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আরও নির্ভুলভাবে আঘাত হানতে রাশিয়ার এই প্রযুক্তি সহায়তা করছে।

