ইসরায়েলের নতুন পার্লামেন্টে কঠিন চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ইসরায়েলের নতুন পার্লামেন্টের অধিবেশন মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকলেও নতুন পার্লামেন্টের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণে চাপে পড়তে পারেন দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধীদের আসনসংখ্যা ও রাজনৈতিক অবস্থান তার জন্য সংসদীয় কার্যক্রম পরিচালনা কঠিন করে তুলতে পারে।
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং মধ্যপন্থার রাজনীতির প্রবক্তা গাদি আইজেনকটকে রোববার (৮ নভেম্বর) সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তবে আইজেনকট কিংবা নেতানিয়াহু; কেউই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাননি।
নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এর মধ্যেও ১২০ সদস্যের নতুন পার্লামেন্ট বা নেসেট তার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে।
ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রাজনৈতিক বিশেষজ্ঞ আসাফ শাপিরা বলেন, নতুন সরকার গঠিত না হলেও পার্লামেন্টের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার খর্ব হয় না।
আইজেনকট সামরিক কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর কোনো ম্যান্ডেট নেতানিয়াহুর নেই। তবে তার এই বক্তব্য মূলত রাজনৈতিক অবস্থান থেকে এসেছে, আইনি বাধ্যবাধকতা হিসেবে নয়। কারণ, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত জাতীয় নিরাপত্তা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেতানিয়াহুর হাতেই রয়েছে।
নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর রাজনৈতিক জোটের আসনসংখ্যা আগের ৬৮ থেকে কমে ৫৩-তে দাঁড়িয়েছে। অন্যদিকে আইজেনকটের মূল বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮। এ ছাড়া আরব-অধ্যুষিত দলগুলোর ১৯ জন আইনপ্রণেতা নতুন পার্লামেন্টে জায়গা পেয়েছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এসব দল নেতানিয়াহু ও তার কট্টর ডানপন্থী সরকারের বিরোধী। তবে আইজেনকট সরাসরি আরব আইনপ্রণেতাদের সঙ্গে জোট গঠন করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
নতুন পার্লামেন্টে যেসব উপায়ে নেতানিয়াহুকে চাপে ফেলা হতে পারে, সেগুলো হলো
৭ অক্টোবরের হামলা তদন্তে কমিশন গঠন
বিরোধীদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পেছনে ইসরায়েলের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন। ওই হামলাটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দিন হিসেবে বিবেচিত।
নেতানিয়াহু ব্যক্তিগতভাবে কোনো দায় থাকার কথা অস্বীকার করে আসছেন। তার সরকারও বিস্তৃত তদন্তক্ষমতাসম্পন্ন স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠনের বিরোধিতা করেছে। এর পরিবর্তে রাজনৈতিকভাবে নিয়োগ করা ব্যক্তিদের মাধ্যমে পর্যালোচনার পক্ষে অবস্থান নিয়েছে সরকার।
তবে নতুন সরকার গঠনের আগেই পার্লামেন্ট চাইলে হামলার ঘটনা তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করতে পারে। পরে সেই কমিটি তাদের অনুসন্ধানের ফলাফল জাতীয় তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করতে পারবে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ শাপিরা।
নির্বাচনের পর আইজেনকটও জানিয়েছেন, তদন্ত কমিশন গঠন তার সরকারের অন্যতম তাৎক্ষণিক অগ্রাধিকার হবে।
নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিল
নতুন পার্লামেন্ট নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া কয়েকটি বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ নিতে পারে। এর মধ্যে বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য।
নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলের ইতিহাসের অন্যতম বড় বিক্ষোভ হয়েছিল। উদারপন্থীদের আশঙ্কা ছিল, এসব সংস্কারের ফলে দেশটির গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু বিচার বিভাগকে নিজের বিরোধী শক্তি হিসেবে দেখেছেন বলেও রাজনৈতিক বিতর্ক রয়েছে।

