শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন আইন অনুযায়ী এগিয়ে নেওয়া হবে: জয়সওয়াল

শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন আইনি ও বিচার বিভাগীয় এবং সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
শেখ হাসিনার প্রত্যর্পণের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদনের চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি একটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া এবং সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে।’
‘পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া কি কাউকে প্রত্যর্পণ (Extradite) করা সম্ভব? কোনো ব্যক্তিকে তার নিজ দেশে প্রত্যর্পণের জন্য পাসপোর্ট কি একেবারেই বাধ্যতামূলক?’ ব্রিফিংয় এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘এখন আপনি আমাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটি কারিগরি বা আইনি প্রশ্ন করছেন। আমি আগেই বলেছি যে এটি একটি সম্পূর্ণ আইনি বিষয় এবং বিষয়টিকে সেই অনুযায়ীই দেখা হবে। এখন স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতের জন্য ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণসংক্রান্ত কাগজের প্রয়োজন হয়, যা আমি বুঝতে পারছি। কিন্তু আবারও বলছি, এটি একটি কারিগরি বিষয় এবং পরবর্তীতে আমি আপনার কাছে এ বিষয়ে বিস্তারিত নিয়ে ফিরে আসব।’
এ সময় শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের প্রসঙ্গ এড়িয়ে গিয়ে জয়সওয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুটির প্রকৃত পরিস্থিতি ঠিক কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’

