ফ্রান্সের সুপারশপে সাইবার হামলার নেপথ্যে ইরানের ‘শহীদ কাবেহ’ ইউনিট

প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে হামলার জন্য শহীদ কাবেহকে দায়ী করে। তাদের দাবি, এটি আইআরজিসির সাইবার ইলেকট্রনিক কমান্ডের (সিইসি) অধীন একটি আক্রমণাত্মক সাইবার ইউনিট। ফ্রান্সের গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদনে হামলার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন সিইসির প্রধান হিসেবে চিহ্নিত হামিদ রেজা লাশগারিয়ান এবং শহীদ কাবেহ ইউনিটের কমান্ডার হিসেবে চিহ্নিত মাহদি লাশগারিয়ান ও রেজা সালারভান্দ।
তবে মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট’ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ তোলা হয়েছে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরান দ্বিধা করবে না বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে। তবে শহীদ কাবেহ ইউনিটের অস্তিত্ব নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটি।

