পুতিনের ইচ্ছায় মানুষের আয়ু বাড়াতে বানরের ওপর গবেষণা করছে রাশিয়া

দীর্ঘায়ু ও বার্ধক্য জয় করার রহস্য খুঁজতে হাজারো বৃদ্ধ বানরের ওপর গবেষণা চালাচ্ছেন রাশিয়ার বিজ্ঞানীরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে ঘিরে দেশটিতে এই গবেষণা কার্যক্রম জোরদার হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। এর নেতৃত্ব দিচ্ছেন পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক।
বুধবার (১১ নভেম্বর) ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়—রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এসব প্রাণীর মধ্যে ৩০ বছরের বেশি বয়সী বানরের একটি বিশেষ দল নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তাদের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ু হওয়ার জৈবিক রহস্য খুঁজছেন তাঁরা।
মস্কোর এক বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক বলেছেন, ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য বায়োকেমিক্যাল পরীক্ষা, শারীরিক গঠন বিশ্লেষণ, রক্তনালির পরীক্ষা এবং মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মানুষের সঙ্গে সবচেয়ে বেশি মিল থাকায় গবেষণার জন্য প্রাইমেট বা বানরজাতীয় প্রাণী গুরুত্বপূর্ণ।

