সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে ইউরোপের প্রতি দুজনে একজন

ইউরোপজুড়ে সুপারমার্কেট ও ব্লাড ব্যাংকের ফ্রিজারের পর রাষ্ট্রীয় মৌলিক অবকাঠামোগুলো ক্রমেই সাইবার হামলার ঝুঁকিতে পড়ছে। সম্প্রতি হ্যাকারদের পরবর্তী লক্ষ্যবস্তু সাধারণ মানুষের রাউটার ও গৃহস্থালির অন্যান্য ইন্টারনেট-সংযুক্ত স্মার্ট সরঞ্জামগুলো হতে পারে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের এই নাজুক সাইবার পরিস্থিতি নিয়ে আরও উদ্বেগজনক তথ্য সামনে এনেছে এথিক্যাল হ্যাকারদের সংগঠন ‘হোয়াইটলিস্টহ্যাকার্স’।
সংবাদমাধ্যম ইউরোনিউজকে সংস্থাটি জানিয়েছে, বর্তমানে ইউরোপের প্রতি দুজন মানুষের একজন গুরুতর সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। অথচ বাস্তবতা হলো, সাধারণ মানুষ সাইবার আক্রমণের চেয়ে চুরি কিংবা বজ্রপাতে আক্রান্ত হওয়ার ভয় বেশি পান। আর সাইবার হামলার জন্য সবচেয়ে দুর্বল বা স্পর্শকাতর জায়গা মানুষ নিজেই।
হোয়াইটলিস্টহ্যাকার্সের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মার্কো ডি ফিলিপোর বলেন, ‘গত দুই সপ্তাহে আমরা এমন কিছু চাঞ্চল্যকর সাইবার হামলার ঘটনার মুখোমুখি হয়েছি, যার নজির আগে পুরো এক বছরেও দেখা যায়নি।’
সাইবার ঝুঁকিকে এখনো ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বজ্রপাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা মাত্র দুই লাখে এক, অথচ ইউরোপের অর্ধেক মানুষই এখন সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে।’
বর্তমান প্রযুক্তিবাজারে নিরাপত্তার চেয়ে পণ্যকে সহজ ও সুবিধাজনক করার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে বলে আক্ষেপ করেন এই বিশেষজ্ঞ। উদাহরণ হিসেবে তিনি স্মার্ট হোম প্রযুক্তি ও ইন্টারনেট-সংযুক্ত সুপারমার্কেট ফ্রিজের কথা উল্লেখ করেন, যেগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা গেলেও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ভঙ্গুর। এই সংকট কাটাতে শিক্ষাব্যবস্থার গোড়া থেকেই ডিজিটাল বিপদ চেনার প্রশিক্ষণ শুরু করার তাগিদ দেন মার্কো ডি ফিলিপো।
জার্মানির ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিসের ‘সাইবারক্রাইম পরিস্থিতি প্রতিবেদন ২০২৫’ অনুযায়ী, কেবল ২০২৫ সালেই দেশটিতে সাইবার অপরাধের কারণে ২০২ দশমিক ৪ বিলিয়ন ইউরোর বিশাল অর্থনৈতিক ক্ষতি নথিভুক্ত হয়েছে। সম্প্রতি জার্মানির রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) তথ্য ফাঁস, অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান রেভোলিউট এবং কোল্ড স্টোরেজে হামলার মতো ঘটনাগুলো নিয়ে কাজ করেছেন তিনি।

