বিদেশি মুদ্রার হিসাব ও লেনদেনে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

সার্কুলার অনুযায়ী, এ ধরনের লেনদেন থেকে পাওয়া মোট বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রার হিসাবে রাখা যাবে। বাকি ৮৫ শতাংশ টাকা মুদ্রায় ভাঙাতে হবে। সংরক্ষিত অর্থ বৈধ চলতি হিসাবের বৈদেশিক মুদ্রার দায় পরিশোধে ব্যবহার করা যাবে। তবে এ ক্ষেত্রে প্রযোজ্য কর ও ভ্যাট পরিশোধ নিশ্চিত করতে হবে।
এ সুবিধা নিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক কার্ড ও অনুমোদিত পেমেন্ট গ্রহণের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে গ্রাহকের পরিচিতি যাচাই (কেওয়াইসি), অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত নিয়ম মানতে হবে।
প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ সহজ করতে ব্যাংকগুলোকে অনলাইনভিত্তিক ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশে না এসেই নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট বা এনআইটিএ খোলার আবেদন করতে পারবেন।
ব্যাংকের ওয়েবসাইটে হিসাব খোলার পদ্ধতি ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করতে হবে। আবেদনকারীরা অনলাইনে ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে পারবেন। ব্যাংক আবেদনকারীর তথ্য ও নথি যাচাই করে অর্থ জমা দেওয়ার পরামর্শ দেবে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও হিসাব খোলার জন্য অর্থ গ্রহণ করতে পারবে ব্যাংকগুলো। অর্থ জমা হওয়ার পর হিসাবধারীকে পিন কোড দিতে হবে, যাতে তিনি বিদেশে বসেই অনলাইন প্ল্যাটফর্মে নিজের হিসাব পরিচালনা করতে পারেন।
এনআইটিএ খোলার ক্ষেত্রে আবেদনকারীর বৈধ পাসপোর্ট, ছবি, ঠিকানার প্রমাণ, আয়ের নির্ভরযোগ্য উৎস এবং মনোনীত ব্যক্তি বা অনুমোদিত প্রতিনিধির পরিচয়-সংক্রান্ত নথি নিতে হবে।
দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে এনআইটিএর অর্থ দিয়ে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার সুযোগ রাখা হয়েছে। এত দিন এ হিসাবের মাধ্যমে মূলত দেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগের ব্যবস্থা ছিল। নতুন নির্দেশনায় বিনিয়োগের পরিধি বাড়ানো হয়েছে।
তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ডকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন থাকতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা কেবল বিএসইসি অনুমোদিত প্রসপেক্টাসের ফান্ডের ইউনিট কিনতে পারবেন। বিদেশি বিনিয়োগকারীদের নামে ইউনিট ইস্যুর ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগকে জানাতে হবে।

