গভীর রাতে ইরানের বন্দরনগরীতে হামলা, পাল্টা জবাবে বাহরাইনে মার্কিন রাডারে আইআরজিসির আঘাত

বাহরাইনে আইআরজিসির পাল্টা হামলার দাবি
সিরিকে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার সকালে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আর্লি-ওয়ার্নিং রাডার স্থাপনা লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদে ইরানের এটিই প্রথম হামলার দাবি। আইআরজিসি এই পদক্ষেপকে ‘আগ্রাসী শত্রুর’ প্রতি কঠোর সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছে যে, হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানি ও তেল চোরাচালান বন্ধ না হলে তারা সীমাহীন সংঘাতে জড়াতে প্রস্তুত রয়েছে।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত হলেও, সিরিক বা বাহরাইনের এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের পর সম্প্রতি কিছুটা স্থবিরতা বিরাজ করছিল। তবে বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক হামলা চালানোর হুমকি দেন, যার কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টাপাল্টি হামলার খবর সামনে এলো।
বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ঠিক পূর্ব প্রান্তে সিরিক শহরটি অবস্থিত। এই অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এই হামলার খবরের পর ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

