ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর বাড়াল জাতিসংঘ

ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সর্বসম্মতিক্রমে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছে পরিষদ।
নতুন প্রস্তাব অনুযায়ী, তালিকাভুক্ত ইয়েমেনি ব্যক্তিদের ওপর নির্দিষ্ট আর্থিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
একই সঙ্গে ইয়েমেনের কয়েকজন ব্যক্তিকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবে হুতি গোষ্ঠীর সামুদ্রিক হামলা, সৌদি আরবের ওপর সীমান্তপারের আক্রমণ এবং বাণিজ্যিক জাহাজের প্রতি হুমকির নিন্দা জানানো হয়েছে।
এ ছাড়া নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও এ-সংক্রান্ত প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদও বাড়ানো হয়েছে। যুক্তরাজ্যের সমর্থনে উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, প্যানেলটির কার্যক্রম ২০২৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

