বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন; আলোচনা কী নিয়ে

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন; আলোচনা কী নিয়ে

ট্রাম্পের এশিয়া সফরের সূচি

হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। প্রথমে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যাবেন। সেখানে কোয়াড নেতাদের বৈঠক এবং যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনে অংশ নেবেন।

এরপর বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে তার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কার্যকরী মধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প। এরপর শি ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতিও ট্রাম্প-শি বৈঠকে আলোচনার বিষয় হবে। মার্কিন কর্মকর্তারা এটিকে বিদ্যমান বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার বৈঠক হিসেবে বর্ণনা করেছেন। এ সফরে নতুন করে শুল্ক পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তারা।

এদিকে, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কও ট্রাম্পের চীন সফরসঙ্গী হচ্ছেন। তবে তিনি শি জিনপিং ও পুতিনের সঙ্গে অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা, উদ্বেগ ইউক্রেনের

তিন নেতার সম্ভাব্য বৈঠককে ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও সামনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ দুই বৈঠকের তুলনা নাকচ করেছেন। তিনি বলেন, শেনজেনে কোনো সমঝোতা হলে তা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার আশঙ্কা, ইউক্রেনকে আলোচনায় অন্তর্ভুক্ত না করেই দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতার চেষ্টা হতে পারে।

ট্রাম্প এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্যিক বিরোধ নিরসনে আলোচনা করেছেন। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।

সব মিলিয়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান যুদ্ধ এবং তিন দেশের কৌশলগত সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগেই জানিয়েছেন, প্রথম বৈঠকেই কোনো বড় ধরনের চুক্তি হওয়ার প্রত্যাশা তাদের নেই।

তথ্যসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...