এবার জরুরি পরিস্থিতি মোকাবিলায় খাবার-পানি মজুতের পরামর্শ কানাডার

যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের পর এবার জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কানাডার সরকার। অন্তত ৭২ ঘণ্টা বা তিন দিনের শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী ঘরে মজুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, তুষারঝড়, বন্যা, দাবানল কিংবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি সেবা ব্যাহত হতে পারে বলে আগাম সর্তকবার্তা দিয়েছেন দেশটির কর্মকর্তারা।
কানাডীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ ও সিটিভির প্রতিবেদনে সম্প্রতি এই খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দেশটির জননিরাপত্তা বিভাগ বলেছে, এই আগাম সতর্কবার্তাটি নতুন কোনো নির্দেশনা নয়। বহু বছর ধরেই নাগরিকদের এ পরামর্শ দেওয়া হচ্ছে। এই নির্দেশনায় জরুরি পরিস্থিতিতে পানি, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক পরিষেবা বন্ধ হলে কীভাবে নিজেদের এবং পরিবারের সদস্যদের প্রয়োজন মেটানো যায়, সে প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
বৈরী আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ ও সাইবার হামলার ঝুঁকি নিয়ে উদ্বেগের মধ্যে নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে। তবে কর্মকর্তারা বলছেন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপানের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে কোনো নির্দিষ্ট আসন্ন ঘটনার সম্পর্ক রয়েছে, এমন ইঙ্গিত নেই। বিশেষজ্ঞরা অবশ্য কানাডার বাসিন্দাদের জরুরি মজুত ও প্রস্তুতির পরিকল্পনা পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন।
৭২ ঘণ্টার প্রস্তুতি নতুন নয়
কানাডার জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে অন্তত ৭২ ঘণ্টা নিজেদের ও পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার মতো প্রস্তুতি রাখতে বহু বছর ধরেই নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে। বিভাগটির মুখপাত্র জারা মালিক সিবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘জরুরি অবস্থার সময় অন্তত ৭২ ঘণ্টা নিজেদের ও পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার জন্য প্রস্তুত থাকতে কানাডাবাসীকে বহু বছর ধরে উৎসাহিত করা হচ্ছে।’

