ব্যাংকের ৪০ শতাংশ ঋণ ক্ষুদ্র পর্যায়ে দেওয়ার পরিকল্পনা: গভর্নর

ব্যাংক পুনর্গঠনের জন্য আট বছর মেয়াদে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাস্তব পরিস্থিতির কারণে এ অর্থ প্রয়োজন। মূল্যস্ফীতি ৫০ বেসিস পয়েন্ট কমেছে। তবে এখনো তা বেশি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ চলছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। গত কয়েক বছরে এ হার ৬০ শতাংশ বেড়েছে। এ বিষয়ে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে গভর্নর বলেন, জ্বালানি আমদানির কারণে যেন বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ তৈরি না হয়, সে জন্য কাজ চলছে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জ্বালানি নিরাপত্তা বাড়াতে সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ঋণে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বিদেশে পড়াশোনার খরচ মেটাতে সব পর্যায়ের শিক্ষার্থীদের বৈধভাবে অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি সব ধরনের ঋণ দ্রুত ছাড় করার জন্য ব্যাংকগুলোকে তাগিদ দেওয়া হচ্ছে।
সম্মেলনে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সভাপতি ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, ঋণের সুদের হার বর্তমানে একটি সমস্যা। ঋণ কার্যক্রম ধীরগতিতে চলছে। তবে বিকল্প তহবিল চালু থাকায় এ বিষয়ে তাড়াহুড়ার প্রয়োজন নেই। দীর্ঘদিন ধরে সমস্যাগ্রস্ত ঋণ ও খেলাপি ঋণের বিষয়টি ব্যাংক খাতের জন্য বিব্রতকর হয়ে আছে। এ পরিস্থিতি থেকে বের হতে হবে। তাহলে ব্যাংকের আর্থিক বিবরণী আরও ভালো হবে।
তিনি বলেন, ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরছে। বর্তমানে ব্যাংক খাতে তারল্য রয়েছে চার লাখ কোটি টাকা। এ অর্থ যথাযথভাবে বিনিয়োগের চেষ্টা করা হবে।
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম আবুল কাশেম বলেন, দেশের ব্যাংকিং খাত যেন রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর দিতে হবে। দেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাও জরুরি।
ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ডেপুটি গভর্নর পর্যায় পর্যন্ত ঠিক থাকলেও এর নিচের স্তরে কিছু সমস্যা রয়েছে বলে মনে হয়। এ ছাড়া বিমানবন্দরে তিন ঘণ্টা দাঁড়িয়ে থাকার মতো সময় ব্যবসায়ীদের নেই।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ব্যাংক খাতে দ্বিমুখী চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে উদ্যোগ নিতে হবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, জ্বালানির দক্ষ ব্যবহার বাড়াতে এনার্জি এফিশিয়েন্সি তহবিলে ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ বরাদ্দ বাড়ানো হলে সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ বাড়বে। পাশাপাশি সৌরবিদ্যুৎ প্রকল্পের অর্থায়ন ব্যয় কমানো গেলে এ খাতে মানুষের আগ্রহ বাড়বে।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ঋণ থেকে বেরিয়ে আসার নীতিমালা বা এক্সিট পলিসি নিয়ে নানা জটিলতা রয়েছে। এ ছাড়া সমন্বয় এবং আয়ের খাতে সুদ দেখানোর বিষয়েও অস্পষ্টতা রয়েছে।
ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউর রহমান খালিদ বলেন, সুযোগ-সুবিধা বাড়ানো হলে রপ্তানি বাড়ানো সম্ভব। বিশেষ করে জ্বালানি সংকট দূর করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। সারা দেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ খাতে সহজ শর্তে ঋণ ছাড়ের জন্য গভর্নরের হস্তক্ষেপ প্রয়োজন।

