যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে এক বিমানের সঙ্গে আরেক বিমানের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে (এমআইএ) কোপা এয়ারলাইন্স ও ইউপিএস এয়ারলাইন্সের দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) জানিয়েছে, কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ডানার প্রান্তের সঙ্গে ইউপিএস এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজের নাকের অংশের সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় উভয় উড়োজাহাজই মাটিতে চলাচল করছিল।
এফএএর তথ্য অনুযায়ী, কোপা এয়ারলাইন্সের ফ্লাইটটি পানামার রাজধানী পানামা সিটি থেকে মিয়ামিতে পৌঁছে পার্কিংয়ের জন্য গেটের দিকে যাচ্ছিল। অন্যদিকে, ইউপিএসের কার্গো ফ্লাইটটি কলম্বিয়ার রাজধানী বোগোটার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল।
মিয়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহত দুজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তাদের কাউকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। বিমানবন্দরের যোগাযোগ পরিচালক ক্রেগ চিন জানান, সংঘর্ষের পর বিমানগুলোকে বিকল্প ট্যাক্সিওয়ে দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়। এতে বিমানবন্দরের সামগ্রিক কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটেনি।
এফএএ জানিয়েছে, দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ইউপিএসের পাইলটকে কোপা এয়ারলাইন্সের বিমানটিকে পথ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কীভাবে দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

