হোটেলে স্ত্রীর মৃত্যু ধোঁয়াশায় রেখে আত্মহত্যা সাবেক ব্রিটিশ পুলিশ কর্মকর্তার

আর্টার পুলিশের ধর্ষণ-সংক্রান্ত মামলা তদন্তের দায়িত্বেও ছিলেন। পরবর্তী সময়ে আট নারীকে যৌনভাবে শোষণের অভিযোগে পুলিশের স্বাধীন নজরদারি সংস্থা আইওপিসি তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। তবে এসব অভিযোগে তিনি কখনো দোষী সাব্যস্ত হননি। সাত বছর বরখাস্ত অবস্থায় থেকেও তিনি পূর্ণ বেতন পেয়েছেন। ২০২৩ সালে মাদক-সংক্রান্ত অপরাধে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
রেবেকার মৃত্যুর চার দিন পর তাঁর ছেলে এলিয়ট ও পুত্রবধূ লেসি যুক্তরাজ্যের বেক্সলিহিথ পুলিশ স্টেশনে গিয়ে মৃত্যুর ঘটনায় আর্টারের সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ জানান। তাঁদের দাবি, বাড়িতে তাঁরা বিভিন্ন ধরনের মাদক, গোপন সিসিটিভি ক্যামেরা এবং রেবেকার নির্যাতিত অবস্থার কিছু ছবি পেয়েছিলেন। কিন্তু পরিবারের অনুরোধ সত্ত্বেও মেট পুলিশের কোনো তদন্তকারী দল বার্বাডোজে যায়নি। পুলিশের বক্তব্য, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় সেখানে কর্মকর্তা পাঠানো উপযুক্ত মনে হয়নি।
যুক্তরাজ্যে রেবেকার মরদেহ পরীক্ষার সময় আরও গুরুতর অনিয়মের তথ্য পাওয়া যায়। বার্বাডোজের একজন প্যাথলজিস্ট তাঁর গুরুত্বপূর্ণ অঙ্গগুলো অকারণে ছোট ছোট টুকরো করে ফেলেছিলেন। এতে প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা বাধাগ্রস্ত হয়। বিষতত্ত্ব ও টিস্যু পরীক্ষাও করা হয়নি। যুক্তরাজ্যের করোনার জানান, এতে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয়েছে এবং তদন্তে বাধা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, বেআইনি হত্যার সম্ভাবনাও নাকচ করা সম্ভব নয়।
রেবেকার মৃত্যুর এক সপ্তাহ পর যুক্তরাজ্যে ফিরে হিথ্রো বিমানবন্দরে আরেক নারীর বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগে গ্রেপ্তার হন আর্টার। ওই নারীর মামলাও তিনি পুলিশ কর্মকর্তা হিসেবে তদন্ত করেছিলেন। তিন দিন পর লন্ডনের ওয়ান্ডসওর্থ কারাগারে আত্মহত্যা করেন ৫৪ বছর বয়সী আর্টার।
রেবেকার ছেলে এলিয়ট বলেন, তাঁর সন্তানরা কখনোই দাদির সঙ্গে স্মৃতি তৈরি করার সুযোগ পাবে না। আর সারাজীবন তাঁকে জানতে হবে না, তাঁর মা কীভাবে মারা গেছেন—এমন অনিশ্চয়তা নিয়েই বেঁচে থাকতে হবে।

