রোহিঙ্গা গণহত্যা: ১৯ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে রায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। মিয়ানমার তার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বিষয়ে রায় ঘোষণা করবে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
রোববার (১৫ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য সরাসরি দায়ী ঘোষণা করেনি। ফলে এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার বিচারেও এর প্রভাব পড়তে পারে।
প্রায় এক দশক আগে মিয়ানমারের সামরিক অভিযান ও নৃশংস হত্যাযজ্ঞ থেকে বাঁচতে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন। এ অবস্থায় ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। সাত বছর ধরে অভিযোগ ও প্রমাণ পর্যালোচনা করছেন আইসিজের বিচারকেরা।
গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধের উদ্দেশ্য নির্ধারণ। জাতিগত, জাতীয়, বর্ণগত বা ধর্মীয় কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশে অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা প্রতিষ্ঠা করতে হয়।

