আরবদের ছাড়াই ঐক্যের সরকার গঠনে আলাপ নেতানিয়াহু–আইজেনকটের, অগ্রগতি সামান্যই

এদিকে, আইজেনকোটের জোট ও অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজমের (ইউটিজে) মধ্যে সরকার গঠনের আলোচনা এগিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে ইউটিজের এক জ্যেষ্ঠ নেতার বরাতে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে প্রতিদিন যোগাযোগ হচ্ছে এবং আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে ইউটিজের চেয়ারম্যান ইয়াকভ আশের এ দাবি অস্বীকার করে বলেছেন, সমঝোতার খসড়া বিনিময় কিংবা নাটকীয় অগ্রগতির খবর ভিত্তিহীন।
ইউটিজের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে শাস পার্টির উদ্বেগ রয়েছে। দলটির চেয়ারম্যান আরিয়েহ দেরির আশঙ্কা, ইউটিজে আইজেনকোটের সরকার গঠনে সমর্থন দিলেও হারেদি পুরুষদের সামরিক নিয়োগসংক্রান্ত আইন পাসের নিশ্চয়তা আদায় করতে পারবে না। দেরি জানিয়েছেন, শাস নেতানিয়াহুর সঙ্গেই থাকবে এবং আইজেনকোটের জোটের সঙ্গে কোনো আলোচনা করবে না।
নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় ইয়াশারকে নেসেটের বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে মাতান কাহানাকে নতুন স্পিকার করার প্রস্তাব এগিয়ে নিতে দেখা যাচ্ছে। লিকুদ এ প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ করলেও ইয়াশার তা প্রত্যাখ্যান করেছে। মঙ্গলবার এ বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সঙ্গে সমঝোতা না হলেও ঐক্য সরকার গঠনের চেষ্টা চালানোর মাধ্যমে আইজেনকোট নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চাইতে পারেন। এরপর তাঁর সামনে বিকল্প হিসেবে রয়েছে ইউটিজেসহ হারেদি দলগুলোর সঙ্গে জোট অথবা আরব নেতৃত্বাধীন রা’আম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন।

