চরমপন্থা ও সন্ত্রাস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান ও ইরাক

জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, উগ্রবাদ ও চরমপন্থা ছড়িয়ে পড়ার আশঙ্কায় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্ডান ও ইরাক। সোমবার (১৬ নভেম্বর) দেশ দুটি পৃথকভাবে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সাইবার অপরাধ, হুমকি, ব্ল্যাকমেল এবং অবৈধ কনটেন্ট প্রচারে অ্যাপটির ব্যবহার ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, টেলিগ্রাম ব্যবহার করে সাইবার অপরাধ, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অবৈধ কনটেন্ট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে অ্যাপটি উগ্রবাদ ও চরমপন্থা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে অ্যাপটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অজানা উৎসের অ্যাকাউন্ট, লিংক ও সংগঠনের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড বা কনটেন্ট সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

