নিলামে উঠবে টাইটানিক দেখার টিকিট

আগামী ২১ নভেম্বর ইংল্যান্ডের উইল্টশায়ারের ডেভাইজ শহরে টিকিটটি নিলামে তোলা হবে। এতে হোয়াইট স্টার লাইন কোম্পানির পতাকার প্রতীক রয়েছে। টিকিটটি জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে লেখা।
এতে উল্লেখ রয়েছে, ‘অনুগ্রহ করে মি. ট্যালবট ও তাঁর দুই বন্ধুকে এসএস টাইটানিক দেখার অনুমতি দিন।’ টিকিটে ‘সেকেন্ড ক্লাস’ সিল দেওয়া রয়েছে এবং তারিখ লেখা ১০ এপ্রিল ১৯১২। পেছনে হাতে লেখা একটি নোটে রয়েছে, ‘মিসেস ডিবডেন ও তাঁর দুই বোন’।
ইংল্যান্ডের নিউ ফরেস্ট এলাকার বাসিন্দা ও ডিবডেনের ছেলে উইলিয়াম তাঁর চাচাতো ভাই অ্যামব্রোস হুডসহ কয়েকজন তরুণের সঙ্গে টাইটানিকে ভ্রমণ করছিলেন। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে জাহাজটি ডুবে গেলে প্রায় দেড় হাজার মানুষের সঙ্গে প্রাণ হারান তিনি।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

