নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট বিলুপ্ত করছেন মামদানি

গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের তীব্রতম সময়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভের সময় এসআরজি বিশেষভাবে সমালোচনার মুখে পড়ে। নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক ডোনা লিবারম্যান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বিক্ষোভকে আরও নিরাপদ করবে এবং আরও বেশি নিউইয়র্কবাসীকে নিজেদের মতামত প্রকাশের সুযোগ করে দেবে।’
তবে পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, এসআরজি বিলুপ্ত হলেও ভিড় নিয়ন্ত্রণের পরিস্থিতিতে নিউইয়র্কবাসী পুলিশের কাছ থেকে আগের মতোই প্রতিক্রিয়া দেখতে পাবেন। তাঁর ভাষায়, ‘ভিড় নিয়ন্ত্রণের পরিস্থিতিতে এনওয়াইপিডি যেভাবে সাড়া দিয়ে থাকে, তাতে কোনো পরিবর্তন আসবে না।’
অন্যদিকে, নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই সংস্কারের মাধ্যমে শহর কীভাবে বিক্ষোভের প্রস্তুতি নেবে এবং পরিস্থিতি মোকাবিলা করবে, তাতে আমূল পরিবর্তন আসবে। আমাদের নতুন পদ্ধতির কেন্দ্রে থাকবে যোগাযোগ, উত্তেজনা প্রশমন এবং বেসামরিক নাগরিকদের সঙ্গে সমন্বয়। একই সঙ্গে বিক্ষোভ করার সাংবিধানিক অধিকারও সুরক্ষিত থাকবে।’

