ইয়েমেনে হুতিদের কাছে পিছু হটে কমান্ডার বদলাল সৌদি আরব

গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর ইয়েমেনের স্থবির গৃহযুদ্ধ আবারও তীব্র হয়ে ওঠে। এ সুযোগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হয় হুতিরা। গত অক্টোবর মাসে পাল্টা অভিযানে কিছু এলাকা পুনর্দখল করলেও গত রোববার বাব আল-মানদেব প্রণালির কাছের বেশ কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ইয়েমেন সরকার। কৌশলগত গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ধরে রাখার পরিবর্তে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের নিরাপত্তায় মনোযোগ দিচ্ছে তারা।
ইয়েমেনের সামরিক সূত্র জানিয়েছে, হুতি যোদ্ধারা এডেনের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে খোর ওমাইর এলাকায় পৌঁছেছে। সরকারি বাহিনীর অবস্থান থেকে তাদের দূরত্ব এখন মাত্র ২৫ কিলোমিটার।
এদিকে এডেন শহরে নিরাপত্তা জোরদার করেছে সরকারি বাহিনী। বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়ে পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। সরকারি কর্মকর্তা আমিন মাহমুদ রয়টার্সকে বলেন, খাদ্য ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকলেও সেনাদের পিছু হটা এবং এডেনের কাছে লড়াই ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাধারণ মানুষ উদ্বিগ্ন।

