বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম
২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড

যুক্তরাষ্ট্রে এক থেকে ছয় বছর বয়সী শিশুদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকার দুটি ডোজ নেওয়ার সুপারিশ করা হয়। এই টিকা হাম প্রতিরোধে ৯৭ শতাংশ কার্যকর। তবে দেশটিতে এমএমআর টিকা নেওয়ার হার কমে ৯২ দশমিক ৪ শতাংশে নেমেছে। অথচ সংক্রমণ নিয়ন্ত্রণে গোষ্ঠীগত রোগ প্রতিরোধক্ষমতা বা হার্ড ইমিউনিটি বজায় রাখতে টিকাদানের হার অন্তত ৯৫ শতাংশ হওয়া প্রয়োজন। এই সুরক্ষা নবজাতকসহ যাঁরা টিকা নিতে পারেন না, তাঁদেরও সংক্রমণ থেকে রক্ষা করে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, হাম নির্মূলের মর্যাদা পুনরুদ্ধারে টিকার আওতা বাড়ানো হবে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, হাম সংক্রমণের প্রাদুর্ভাব বন্ধ করা, মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে তারা সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে। এ জন্য এমএমআর টিকা নেওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করা, টিকা পাওয়ার সুযোগ বাড়ানো এবং যেসব জনগোষ্ঠীর মধ্যে টিকাদানের ঘাটতি রয়েছে, তা পূরণের উদ্যোগ নেওয়া হবে।

সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ বলেন, হাম নির্মূলের স্বীকৃতি নয়, বরং টিকাই মানুষের সুরক্ষা নিশ্চিত করে। সংক্রমণ কোথায় ছড়াচ্ছে, তা তারা জানেন। এসব এলাকায় মানুষের কাছে পৌঁছাতে অঙ্গরাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে ১০ কোটি ডলার দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র টিকা-সংক্রান্ত নীতিমালায় ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। টিকার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশের জন্য পরিচিত কেনেডি বিভিন্ন সময়ে এমএমআর টিকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে তিনি দাবি করেছেন, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) দায়িত্ব নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রে হাম আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। প্রতিবেশী দেশগুলোতেও সংক্রমণ বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবারের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেনেডি বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে তিনি এখনো এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। টিকাদানের ঘাটতি পূরণ এবং জনসাধারণের আস্থা পুনর্গঠনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, টিকার উপকারিতা ও ঝুঁকি সম্পর্কে পরিবারগুলোর প্রশ্নের সৎভাবে উত্তর দেওয়া হবে। পাশাপাশি বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী ও স্থানীয় নেতাদের সঙ্গে কাজ করে হাম প্রতিরোধ, সংক্রমণের বিস্তার সীমিত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও হাম সংক্রমণ বাড়ছে। চলতি বছরের শুরুতে ইউরোপের যুক্তরাজ্য, স্পেন ও অস্ট্রিয়া হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে। এ ছাড়া রাশিয়া, আজারবাইজান ও উজবেকিস্তানও এই স্বীকৃতি হারিয়েছে। কানাডা গত বছর বড় কয়েকটি হাম প্রাদুর্ভাবের পর মর্যাদা হারালেও চলতি বছর সংক্রমণ বন্ধে অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন পিএএইচওর পরিচালক।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...