ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন থেকে বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, ৩৫ আহত

হারথা বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনক্ষমতা ৮০০ মেগাওয়াট। অগ্নিকাণ্ডের পর সেখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুনের কারণে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এ ছাড়া কয়েকটি গাড়ি পুড়ে যাওয়া এবং উদ্ধার তৎপরতা দেখতে ঘটনাস্থলে মানুষের ভিড় করার দৃশ্যও দেখা গেছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইরাকের বিদ্যুৎ অবকাঠামো দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছে। কয়েক দশকের অপর্যাপ্ত বিনিয়োগ, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা মেটাতে না পারার কারণে এ খাতে সংকট তৈরি হয়েছে। বিশেষ করে গ্রীষ্মের প্রচণ্ড গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
এর আগেও দেশটির বিভিন্ন বিদ্যুৎ উপকেন্দ্র ও উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ড এবং কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
গত সেপ্টেম্বরেই বসরা প্রদেশের একটি সার কারখানায় অ্যামোনিয়া গ্যাসের লিকেজে অন্তত দুজন শ্রমিক নিহত হন। আহত হন আরও ১১৪ জন। একই মাসে রাজধানী বাগদাদের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হন।

