ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৭ বিলিয়ন ডলার

যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এতে রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন কমেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের হারও ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেসের উভয় কক্ষেই ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা খুব সামান্য।
পেন্টাগনের সর্বশেষ হিসাব মূলত যুদ্ধ পরিচালনার কার্যক্রমসংক্রান্ত ব্যয়ের ওপর ভিত্তি করে তৈরি। এতে যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মজুত পুনরায় পূরণ করতে ২৯ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে।
এ ছাড়া সামরিক সরঞ্জাম প্রতিস্থাপন এবং যুদ্ধের কারণে হারানো সামরিক প্ল্যাটফর্মের ক্ষতি পুষিয়ে নিতে ৬ বিলিয়ন ডলারের বেশি প্রয়োজন হবে। এসব ক্ষতির মধ্যে যুদ্ধ চলাকালে হারিয়ে যাওয়া বহু ড্রোনসহ উড়োজাহাজের ক্ষতিও রয়েছে।
ট্রাম্প ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। সে সময় তিনি ধারণা দিয়েছিলেন, সংঘাতটি স্বল্প সময়ের মধ্যেই শেষ হবে।
যুদ্ধের শুরুতে ট্রাম্পের কৌশল ছিল, প্রথমে ব্যয়বহুল ও উন্নত প্রযুক্তির নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করা। এরপর তুলনামূলক কম ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁর। এসব অস্ত্রের মধ্যে ছিল আকাশ থেকে নিক্ষেপযোগ্য জেডিএএমের মতো সাধারণ মাধ্যাকর্ষণনির্ভর বোমা, যেগুলোর পর্যাপ্ত মজুত রয়েছে।

