ইরান-ইউক্রেনসংক্রান্ত গোপন নথি ফাঁস, বিচারের মুখে মার্কিন জেনারেল

ইরান ও ইউক্রেন বিষয়ে মার্কিন নীতিসংক্রান্ত অতিসংবেদনশীল গোপন তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করার কথা স্বীকার করেছেন পেন্টাগনের সাবেক জ্যেষ্ঠ কৌশলবিদ, মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া। তথ্য ফাঁসের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগের কাছে হস্তান্তরও করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ফক্স নিউজ।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, টানা চারটি পলিগ্রাফ (মিথ্যা শনাক্তকরণ) পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তথ্য ফাঁসের সত্যতা স্বীকার করেন সিলভিয়া। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে তাকে পদ থেকে অপসারণ করেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ।
পেন্টাগনের তদন্তকারীরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে, জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি অধিদপ্তরে দায়িত্ব পালনকালে সিলভিয়া ‘গণমাধ্যমের কাছে অননুমোদিতভাবে সরকারের গোপনীয় তথ্য প্রকাশ করেছিলেন’। পদচ্যুত হওয়া সিলভিয়া পেন্টাগনের জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনার দায়িত্ব পালন করে আসছিলেন।

