বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদিরবাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানেরাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তারনেত্রকোনায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগভারতকে ক্রিকেট শেখাচ্ছে নিউজিল্যান্ডখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুটি পিকআপে আগুনশ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠেসাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাএকই দিনে বাংলাদেশের দুই ম্যাচ, দেখবেন কোথায়গোপালগঞ্জে এবার সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ
বিজ্ঞাপন

ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
ইরানে আপাতত নতুন হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

এর আগে সোমবার হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ট্রাম্প দাবি করেন, মধ্যবর্তী নির্বাচনের পর জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তাঁর ভাষ্য, যুদ্ধের আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে বেশি তেল পরিবাহিত হচ্ছে। পারস্য উপসাগর থেকে অপরিশোধিত তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে তেল চলাচল বাড়ার পাশাপাশি ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ তেহরানের অর্থনীতিকে কার্যকরভাবে চাপে ফেলেছে।

ট্রাম্প বলেন, ‘এটি একটি চমৎকার পরিস্থিতি।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রকৃত অর্থে যুদ্ধে জড়ায়নি বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, বি-২ বোমারু বিমান দিয়ে হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর ‘এপিক ফিউরি’সহ আরও হামলা চালানো হয়েছে। তবে তাঁর মতে, দীর্ঘ সময় ধরে, ছয় মাস বা তারও বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রকৃত অর্থে কোনো যুদ্ধ হয়নি।

তিনি বলেন, ‘আমি এটিকে ইউক্রেনের যুদ্ধ কিংবা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ হিসেবে বিবেচনা করি না।’

ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আগাম প্রকাশ করবেন না বলে জানান ট্রাম্প। তবে ইরানের কাছে থাকা প্রায় এক হাজার পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ভবিষ্যৎ নিয়ে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে বলে জানান তিনি। এই ইউরেনিয়ামের মজুতকে ট্রাম্প ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা ‘পারমাণবিক ধূলিকণা’ বলে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, ওই ইউরেনিয়াম শত শত টন পাথরের নিচে চাপা পড়ে থাকলেও সেখানে এর উপস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট নন। বিষয়টি ইরানের সঙ্গে আলোচনার অন্যতম ইস্যু। এ নিয়ে আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত কী হয়, তা দেখা যাবে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। গত কয়েক দিনে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১০ ডলারের বেশি কমে প্রায় ১০৪ ডলারে নেমে এসেছে। তবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম দেশটির ইতিহাসে যেকোনো প্রশাসনের আমলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যে ইরান ইস্যুতে তুলনামূলক সংযত অবস্থান দেখা গেছে। তবে দেশটির সঙ্গে সংঘাতের বিষয়ে প্রশ্নের উত্তর দিলেও তিনি বেশি গুরুত্ব দিয়েছেন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য বিজয় নিয়ে। এতে ইঙ্গিত মিলেছে, অন্তত সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রধান হিসেবে দায়িত্ব পালনের চেয়ে নির্বাচনী রাজনীতিতেই তাঁর মনোযোগ বেশি।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...