দেশে কর্মসংস্থান বাড়াতে যাচ্ছে বিশ্বব্যাংক, গুরুত্ব পাবেন যারা

কর্মসংস্থানের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, গত এক দশকে প্রায় ১ কোটি ৪০ লাখ তরুণ বাংলাদেশি শ্রমবাজারে প্রবেশ করেছেন। বিপরীতে এ সময়ে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ৮৭ লাখ। নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা আরও বেশি। ২০২২ সালে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ, যা ২০২৪ সালে কমে ৩৮ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, এসব বাস্তবতা বিবেচনায় নতুন অংশীদারত্ব কাঠামোর মূল লক্ষ্য হবে কর্মসংস্থান সৃষ্টি। বাংলাদেশের নিজস্ব উন্নয়ন অগ্রাধিকার, বিশেষ করে সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোকে ভিত্তি করেই এ পরিকল্পনা সাজানো হবে।
নতুন কাঠামো প্রণয়নে দেশের বিভিন্ন পর্যায়ের অংশীজনের মতামত নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বেসরকারি খাত, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা, নাগরিক সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হচ্ছে।
প্রতিবন্ধকতা নিয়ে জ্যঁ পেসমে বলেন, বড় পরিসরে বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টির জন্য যেসব মৌলিক প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করার বিষয়ে বিশ্বব্যাংকের বর্তমান পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব ক্ষেত্রে বিশ্বব্যাংক গ্রুপের সহায়তা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে, সেসব ক্ষেত্রেই অর্থায়ন ও কারিগরি সহযোগিতা কেন্দ্রীভূত করা হবে।
একদিকে বেসরকারি খাতের প্রবৃদ্ধি বাড়াতে প্রয়োজনীয় সংস্কার ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে, অন্যদিকে নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করা হবে উল্লেখ করে জ্যঁ পেসমে বলেন, বিশেষ করে তরুণ ও নারীদের জন্য আরও বেশি এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংক গ্রুপ কীভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে, সে বিষয়ে বিভিন্ন পক্ষের পরামর্শ ও মতামত প্রত্যাশা করছে সংস্থাটি।

