মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। গত ৬ নভেম্বর-৮ নভেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে প্রাপ্ত আবেদনগুলো থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এ লটারি কার্যক্রম সম্পন্ন হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে লটারি কার্যক্রম পরিচালিত হয়।
নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করেন ৪ হাজার ২৯ প্রার্থী। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩০০ প্রার্থীকে নির্বাচন করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত প্রার্থীদের তালিকা শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পরবর্তীতে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিদের সরাসরি উপস্থিতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে।

