জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর অভিযোগে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল। তিনি বলেন, আমি আমার বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগিয়েছি। কিন্তু জাহাঙ্গীরনগরে কিছু করিনি।
ছাত্রদল নেতাকর্মীদের দাবি, মো. সোহেল রানার সঙ্গে সাইফুলের কথোপকথনে কোরবানির ঈদের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানোর বিষয়ে আলোচনা ছিল। এ ছাড়া ফুটবল বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসের কয়েকটি স্থানে ছাত্রলীগের পোস্টার লাগানো হয়। ওই সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পোস্টার লাগানোর স্থানগুলোর আশপাশে সাইফুলকে দেখা গেছে বলে দাবি তাদের।
নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক নেতা বলেন, যেদিন যে সব জায়গায় পোস্টার লাগানো হয়েছিল, সেদিনের সিসিটিভি ফুটেজে আমরা সাইফুলকে ওই স্থানগুলোর আশপাশে দেখতে পাই। পরে ফুটেজ থেকে নেওয়া ছবির সঙ্গে আজকের তার চেহারা মিলিয়ে তাকে শনাক্ত করা হয়েছে। তিনি যে সাইকেলে করে পোস্টার লাগাতেন বলে আমরা দেখেছি, সেটিও আজ তার কাছে ছিল।
অন্যদিকে, পাবিপ্রবিতে ছাত্রলীগের পোস্টার লাগানোর বিষয়ে সাইফুল বলেন, আমি সাভার থেকে পোস্টার প্রিন্ট করাতাম। গাড়ি দিয়ে পাবনায় পৌঁছে দিতাম। সেখানে আমার সংগঠনের লোকেরা পোস্টার লাগাত।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে জিজ্ঞাসাবাদ করে। সহকারী প্রক্টর আব্দুস সাত্তার জয় এশিয়া পোস্টকে বলেন, সাইফুল তার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রম চালানোর কথা অস্বীকার করেছেন। তার মোবাইল ফোনে পাওয়া কথোপকথন ও ছবির ভিত্তিতে অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এশিয়া পোস্টকে বলেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে তার মোবাইল ফোন পরীক্ষা করেন। ক্যাম্পাসে ছাত্রলীগের অপতৎপরতার সঙ্গে তার সুস্পষ্ট সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসময় তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়নি। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তার বিরুদ্ধে আগে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

