প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ করছে সরকার

তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম ও প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি থেকে দূরে রাখা এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, এ পরিকল্পনার অংশ হিসেবে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

