উত্তাপ বাড়ছে, সংঘাতের শঙ্কা

রাজনৈতিক বক্তব্য-পাল্টা বক্তব্যের পাশাপাশি মাঠপর্যায়ের পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা ও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা যেমন বাড়ছে, তেমনি নিরাপত্তা জোরদার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ও আশপাশের সড়ক-মহাসড়কে গভীর রাতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা সরাসরি সম্পর্কিত কি না, তা স্পষ্ট নয়। তবে সামগ্রিক পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন কিংবা তাঁকে কী প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে—এ বিষয়ে সরকারের দ্রুত ও সুস্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকলে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সরকার ও বিরোধী দল—কোনো পক্ষই যেন এই ইস্যুকে রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাঁদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন একটা স্থিতিশীলতার মধ্যে দেশটা আছে। এই অবস্থা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এটা মাথায় রাখতে হবে। এটার মূল দায়িত্ব সরকারের।’
এই অধ্যাপক আরও বলেন, সব পক্ষই এখন রাজনৈতিকভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ কারণে সরকারকেই মূল ভূমিকা নিতে হবে। সরকারকে এমনভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো পক্ষই পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ না পায়।

