ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজনকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে মোট ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকেরা।
গুরুতর অসুস্থ রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, কয়েকজনের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়। এ ধরনের রোগীদের ক্ষেত্রে প্রথম ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় পার হওয়ার আগে তাদের ঝুঁকিমুক্ত বলা সম্ভব নয়।

