সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক

বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার উদ্দেশে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে।
বিলে ক্রয় সংক্রান্ত বিশেষ বিধান রাখা হয়েছে। তাতে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত হবে। বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) ব্যবহার আবশ্যক হবে না।
বিলটিতে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠন করা হবে। জেলা পর্যায়ে থাকবে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’। কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা তার কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ থেকে গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুৎ ক্রয়ের লক্ষ্যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে।

