বেনজীর আহমেদ আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া সহজ নয় জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা বিদেশে অভিযুক্ত ব্যক্তির গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে প্রত্যর্পণপ্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। এ জন্য সংশ্লিষ্ট দেশের আইন, আদালতের সিদ্ধান্ত এবং কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসরণ করে দীর্ঘ ও জটিল বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া অতিক্রম করতে হয়।
বেনজীর আহমেদের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আইনের শাসন, ন্যায়বিচার এবং যথাযথ আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে।
সালাহউদ্দিন বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র যাচাইক্রমে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গত বছরের ১১ এপ্রিল রেড নোটিশ জারি করা হয়। গত ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানালে বাংলাদেশ মাত্র চার দিনের মধ্যে আনুষ্ঠানিক একস্ট্রাডিশন রিকোয়েস্ট পাঠায়। পরে দেশটির চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত তথ্য ও প্রমাণাদি পাঠানো হয়।

