সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে পাহাড়ে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।
মন্ত্রী বলেন, পাহাড়ে চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি যোদ্ধার করা হয়েছে। সীমান্ত পথে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবি সীমান্ত চৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
পার্বত্য অঞ্চলে বসবাসকারী জনগণের নিরাপত্তায় স্থানীয় সার্বক্ষণিক কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাহাড়ে চলমান ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডার ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে সন্ত্রাসীদের বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন/সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এর আগে জিন্নাহ কবীর তাঁর প্রশ্নে বিগত ৫ বছরের পার্বত্য অঞ্চলে সশস্ত্র হামলা ও হতাহতের তথ্য জানতে চান। প্রশ্ন তোলার সময় জিন্নাহ কবীর বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রায়ই অস্ত্রের ঝনঝনানি হচ্ছে। অবৈধ অস্ত্রধারীরা সেনাবাহিনী এবং সাধারণ নাগরিকের ওপর হামলা চালাচ্ছে। কখনো কখনো শুনছি, এই তিনটি জেলাকে বিচ্ছিন্ন করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। প্রতিবেশীদের কাছ থেকে অবৈধ অস্ত্র এবং প্রতিবেশী দেশের উসকানিমূলক প্রক্রিয়া এসব হামলা হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ভূখণ্ডকে রক্ষা করার জন্য বিশেষ কোনো বাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা রয়েছে কিনা তা জানতে চান।
পরে সম্পূরক প্রশ্নে এই সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রামসহ সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খলা, গাড়িতে অগ্নিসংযোগ, কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বা অবৈধ অস্ত্র প্রদর্শন—এর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা জানতে চান।

