ভিকারুননিসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন শিক্ষা সচিবের

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সিনিয়র সচিব প্রতিষ্ঠানগুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ক্যাম্পাস, শ্রেণিকক্ষ ও অফিস কক্ষসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মনোরম শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

