লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সেই সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে

রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেন।
গত ৯ নভেম্বর আদালতের নির্দেশে তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ৩ নভেম্বর আসাদুল ইসলামকে আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে কর্মরত। এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুদক ফাঁদ অভিযান পরিচালনা করে। ৩ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে ওই টাকা দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল ইসলাম সেটি তাঁর ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুদকের ফাঁদ দলের সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন।

