রাষ্ট্রায়ত্ত ৩৫ শিল্পপ্রতিষ্ঠানের ৩০টিই লোকসানে: সংসদে শিল্পমন্ত্রী

বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, গত ঈদুল আজহায় সারা দেশে ৬২ লাখ ৫৩ হাজার ৯১৭ পিস চামড়া সংরক্ষণ করা হয়েছে। ২০২৫ সালের তুলনায় এ সংখ্যা ৩ দশমিক ৭৭ শতাংশ বেশি।
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে শিল্প বিনিয়োগে প্রতিবন্ধকতা দূর করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চারটি আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় আটটি কর্মশালার আয়োজন করা হয়েছে। শিল্পনগরী ও শিল্পপার্কে স্থাপিত কারখানার ছাদে সৌর প্যানেল স্থাপনসহ নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো নির্মাণে উদ্যোক্তাদের সচেতনতা বাড়াতে এসব কর্মশালার আয়োজন করা হয়।
তিনি বলেন, জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদে ‘বিসিকের ৫০টি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো শক্তিশালীকরণ’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়ন নিশ্চিত না হওয়ায় বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতায় বিকল্প ব্যবস্থায় প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা চলছে।
শিল্পমন্ত্রী আরও বলেন, শিল্প বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বিসিক প্রতিষ্ঠার পর থেকেই শিল্প উদ্যোক্তাদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দিয়ে আসছে। বিসিকে নারী উদ্যোক্তাদের ঋণের সার্ভিস চার্জ ৫ শতাংশ এবং পুরুষ উদ্যোক্তাদের ক্ষেত্রে ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

