তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক তৎপরতা বাড়ানোর জন্য যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রম, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে তারেক রহমান সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। উজবেক প্রেসিডেন্ট তাঁকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী নতুন বছরে সফরটি করার আশা ব্যক্ত করেন।
নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে তাঁর ম্যান্ডেট লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে আলোচনায় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।
এদিকে, ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমাস ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান কপ ৩১-এ অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজেও অংশ নেন।
এ ছাড়া ডা. জুবাইদা রহমান আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকার প্রধানদের স্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

