আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা তাদের কায়দায় চলতে চাই না। আমাদের নীতিতে বিশ্বাস করি, প্রয়োজনে ১০ জন অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুদিন ধৈর্য ধরব, কিন্তু একজন নিরপরাধ মানুষও যেন গুলির শিকার না হন, তা নিশ্চিত করব। কোনো অবস্থাতেই আমরা তাদের মতো ফ্যাসিবাদী আচরণ করব না। কোনো মিছিল-মিটিংয়েও যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে, যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব—বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’
গোপালগঞ্জের সাধারণ মানুষের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু দুষ্কৃতকারী সীমান্তের ওপার থেকে উসকানি দিচ্ছে। সেই পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানা আক্রমণের আহ্বান জানানো ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, তারা যদি মনে করে তাদের রেকর্ড, ভিডিও ফুটেজ ও অডিও সরকারের কাছে নেই, তাহলে ভুল করবে। আজ হোক বা কাল, প্রত্যেকটি ভিডিও ফুটেজ ও ছবি দেখে দুষ্কৃতকারীদের আইনের হেফাজতে আনা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশে ফ্যাসিবাদী শক্তি ও পতিত মাফিয়া শক্তি কোনো দিনই আর গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। তারা সেই বৈধতা হারিয়েছে। তারা এই দেশে গণহত্যা চালিয়েছে। মাঝেমধ্যে ডিসেম্বরে আসার কথা বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আসিব আসিব বলিয়া বাংলাদেশে তার নেতাকর্মী যেগুলো আছে, এখনো বনজঙ্গলে পালিয়ে আছ, তাদেরকে যে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এটা তারা যেন...।’
আওয়ামী লীগ সম্পর্কে বেশি আলোচনা করে সময় নষ্ট করতে চান না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু আশ্বস্ত করতে চান, এই দেশে তথাকথিত ফ্যাসিবাদী শক্তি, যারা পালিয়ে আশ্রয় নিয়েছে, তারা বাংলাদেশে আর কোনো দিন রাজনীতি করতে পারবে না।
শ্রমিক অসন্তোষের পেছনে অন্য পক্ষের উসকানি রয়েছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার প্রতিদিন কালিয়াকৈর, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। মালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে। তাঁদের সঙ্গে আলোচনায় শ্রমিকেরা কাজে ফিরে যাওয়ার এবং মজুরি বোর্ডের মাধ্যমে মজুরি নির্ধারণ হলে তা মেনে নেওয়ার কথা বলেছেন বলে দাবি করেন তিনি।
শ্রমিকদের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা শ্রমিকদের পক্ষে শতভাগ একমত। শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও গায়ে হাত দেয়নি। শান্তিপূর্ণভাবে বল প্রয়োগ করেছে। এ সময় প্রয়োজনীয় বল প্রয়োগ করা হলেও শ্রমিকদের ওপর গুলি চালানো হয়নি। টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি। শ্রমিক আন্দোলনের নামে কারা শ্রমিকদের ব্যবহার করে কী ফায়দা নিতে চায়, তা এখন বোঝা গেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

