‘আমার দেশ’ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: জড়িতদের গ্রেপ্তার দাবি এবি পার্টির

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার প্রেসের সামনে গত রাতে দুটি ককটেল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ওই হামলায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও সামনের পান দোকানি রিনা খানম আহত হয়েছেন। তারা দুজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৬ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এবি পার্টির শীর্ষ নেতারা বলেন, গণমাধ্যমের কার্যালয়ের সামনে এ ধরনের বিস্ফোরক নিক্ষেপের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সংবাদমাধ্যমের ওপর ভীতি সৃষ্টি, সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নষ্ট করার যে কোনো অপচেষ্টা গণতান্ত্রিক সমাজের জন্য অশনিসংকেত। মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। কোনো সংবাদমাধ্যমের সঙ্গে মতপার্থক্য থাকলে তার জবাব দিতে হবে যুক্তি, তথ্য ও পাল্টা বক্তব্যের মাধ্যমে; কোনোভাবেই ভীতি প্রদর্শনের মাধ্যমে নয়।
নেতারা আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় না। বরং সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা রাষ্ট্রের মূল দায়িত্ব। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।

