ওমরাহ করার নিয়ম: ইহরাম থেকে তাওয়াফ পর্যন্ত পূর্ণ গাইড

অধ্যায় ৫: দুই রাকাত নামাজ ও জমজমের পানি পান
তাওয়াফ শেষ করার পর মাকামে ইব্রাহিমের পেছনে (কিংবা হারামের যেকোনো সুবিধাজনক স্থানে) দুই রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পড়া সুন্নত।
নামাজ শেষে তৃপ্তি সহকারে জমজমের পানি পান করবেন এবং এই দোয়া পড়বেন:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا وَاسِعًا، وَشِفَاءً مِنْ كُلِّ دَاءٍ.
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান ওয়াসিআ, ওয়া শিফাআন মিন কুল্লি দাঈ।
অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, প্রশস্ত রিজিক এবং সব ধরনের রোগ থেকে মুক্তি প্রার্থনা করছি।’
অধ্যায় ৬: সাফা-মারওয়া পাহাড়ের মাঝে সায়ি
সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাতবার যাতায়াত করাকে সায়ি বলা হয়।
শুরু:
সাফা পাহাড় থেকে সায়ি শুরু করতে হবে। সাফার কাছে পৌঁছে পবিত্র কোরআনের এই আয়াতটি পড়া সুন্নত—
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ.
উচ্চারণ:‘ইন্নাস সাফা ওয়াল মারওয়াতাম মিন শাআইরিল্লাহ।’
অর্থ: ‘নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত। (সুরা বাকারা: ১৫৮)
গণনা:
সাফা থেকে মারওয়া যাওয়া হলো ১ বার, আর মারওয়া থেকে সাফা ফিরে আসা হলো ২ বার। এভাবে মোট ৭ বার যাতায়াত করে মারওয়া পাহাড়ে গিয়ে সায়ি শেষ করতে হবে।
বিশেষ নির্দেশনা:
দুই সবুজ বাতি চিহ্নিত নির্দিষ্ট স্থানের মধ্যে পুরুষেরা একটু দ্রুত হাঁটবেন, আর নারীরা স্বাভাবিকভাবে হাঁটবেন।
অধ্যায় ৭: মাথা মুণ্ডন অথবা চুল ছোট করা (হলক বা কসর)
সায়ি সম্পন্ন করার পর ওমরাহর সর্বশেষ কাজ হলো মাথা মুণ্ডন করা অথবা চুল ছোট করা।
পুরুষদের জন্য:
সম্পূর্ণ মাথার চুল মুণ্ডন করা (হলক) উত্তম; তবে চাইলে সমস্ত মাথা থেকে সমানভাবে ছোট (কসর) করতে পারেন।
নারীদের জন্য:
নারীরা কখনোই মাথা মুণ্ডন করবেন না; বরং চুলের শেষ প্রান্ত থেকে আনুমানিক এক ইঞ্চি পরিমাণ চুল কেটে ফেলবেন।
এই কাজটি সম্পন্ন করার সঙ্গে সঙ্গেই আপনার ওমরাহ পূর্ণ হয়ে যাবে এবং ইহরামের যাবতীয় নিষেধাজ্ঞা উঠে যাবে। এরপর আপনি স্বাভাবিক পোশাক পরতে পারবেন।

