হজরত উসমান (রা.)-এর ৬ ব্যবসায়িক কৌশল

২. ঝুঁকি ব্যবস্থাপনা ও বৈচিত্র্যময় বাণিজ্য (Risk Management & Diversification)
ব্যবসার একটি সোনালি নীতি হলো—সব পুঁজি এক স্থানে না রেখে নানা খাতে ছড়িয়ে দেওয়া, যাতে এক খাতের লোকসান অন্য খাতের লাভে পুষিয়ে নেওয়া যায়। কুরাইশদের বাণিজ্যজীবনে এই ধারণার স্পষ্ট প্রতিফলন ছিল। পবিত্র কোরআনে তাদের সেই শীত ও গ্রীষ্মের বাণিজ্যিক সফরের কথা এভাবে এসেছে:
‘কুরাইশের অভ্যস্ততার কারণে; তাদের অভ্যস্ততার কারণে শীত ও গ্রীষ্মের সফরে।’ (সুরা কুরাইশ: ১-২)
শীতে ইয়েমেন ও গ্রীষ্মে শাম (সিরিয়া) অঞ্চলে বাণিজ্য চালিয়ে তারা নির্দিষ্ট কোনো বাজার বা রুটের ওপর নির্ভরতা কমাত। আধুনিক অর্থনীতিতে হ্যারি মার্কোউইৎজের ‘পোর্টফোলিও ডাইভারসিফিকেশন’ (Portfolio Diversification) তত্ত্বের মূল ভাবনাও এটিই।
হজরত উসমান (রা.) ছিলেন কুরাইশের অন্যতম সফল ও দূরদর্শী ব্যবসায়ী। শামসহ বিভিন্ন অঞ্চলের বাজারে তাঁর বাণিজ্য বিস্তৃত ছিল। এই বৈচিত্র্যময় বিস্তারই তাঁর সম্পদকে প্রতিকূল পরিস্থিতিতেও নিরাপদ রেখেছিল।
৩. মুদারাবা ও নৈতিক অংশীদারত্ব (Mudarabah & Ethical Partnership)
ইসলামি অর্থব্যবস্থায় ‘মুদারাবা’ হলো এমন এক অংশীদারি চুক্তি, যেখানে এক পক্ষ পুঁজি বিনিয়োগ করে এবং অন্য পক্ষ শ্রম ও দক্ষতা দেয়। লাভ পূর্বনির্ধারিত অনুপাতে বর্ণিত হয় এবং লোকসান হলে পুঁজিদাতা অর্থ হারান আর পরিচালক তাঁর শ্রম হারান।
এই ব্যবস্থার মূল ভিত্তি হলো আমানতদারি ও পারস্পরিক সম্মতি। হাদিসে কুদসিতে এসেছে, ‘আল্লাহ তাআলা বলেন, আমি দুই অংশীদারের তৃতীয়জন, যতক্ষণ না তাদের একজন অন্যজনের সঙ্গে খিয়ানত করে।’ (সুনানে আবু দাউদ)
৪. চাহিদা বোঝা, কিন্তু মুনাফার সীমা জানা (Market Demand & Pricing)
চাহিদা, জোগান ও মূল্যসংকেত
বাজারে কোনো পণ্যের চাহিদা বেড়ে গেলে ও জোগান অপরিবর্তিত থাকলে সাধারণত তার দাম বাড়ে। আবার জোগান বাড়লে দাম কমার প্রবণতা দেখা দেয়। অর্থনীতিতে চাহিদা ও জোগানের এই পারস্পরিক সম্পর্ক বাজারমূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাজারমূল্যের তারতম্য ও বিভিন্ন বাজারমূল্যের পার্থক্য কাজে লাগিয়ে পণ্য কেনাবেচার এই প্রক্রিয়াকে ‘Arbitrage’ বলা হয়।
দুর্ভিক্ষের সময় খাদ্যবোঝাই কাফেলার ঘটনা
মদিনায় ভয়াবহ খাদ্যসংকটের সময় হজরত উসমান (রা.)-এর একটি বিশাল খাদ্যবোঝাই বাণিজ্য-কাফেলা সেখানে এসে পৌঁছায়। স্থানীয় ব্যবসায়ীরা চড়া দামে সেই খাদ্য কিনতে আগ্রহী হন এবং অধিক মূল্য দেওয়ার প্রস্তাবও দেন। কিন্তু তিনি পণ্য বিক্রি না করে তা অভাবী মানুষের মধ্যে আল্লাহর ওয়াস্তে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটির তাৎপর্য হলো—বাজারে চাহিদা ও দাম বেশি থাকলেই সর্বোচ্চ মুনাফা অর্জনকে একমাত্র লক্ষ্য বানাতে হবে, এমন নয়। ব্যবসায়ীর ব্যক্তিগত নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের জরুরি প্রয়োজনও তাঁর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
বাজারের স্বাধীনতা ও সামাজিক দায়বদ্ধতা
ইসলামে বাজারের স্বাভাবিক কার্যক্রমের গুরুত্ব স্বীকার করার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের দুর্দশাকে কাজে লাগিয়ে অন্যায় মুনাফা অর্জনের কঠোর নিন্দা জানানো হয়েছে।

